আমাদের সম্পর্কে
দ্য মাইগ্র্যান্ট ভয়েস
“অভিবাসীদের কথা, অভিবাসীদের কণ্ঠে”
দ্য মাইগ্র্যান্ট ভয়েস একটি অভিবাসী-কেন্দ্রিক অনলাইন সংবাদ ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম। এই উদ্যোগের মূল বিশ্বাস হলো—
“অভিবাসীদের বাদ দিয়ে, অভিবাসীদের নিয়ে কিছুইনয়।”
বাংলাদেশি অভিবাসী কর্মীরা দেশের অর্থনীতি, সমাজ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য ও মতামত অনেক সময় গণমাধ্যম, নীতিনির্ধারণ এবং জনআলোচনায় যথাযথভাবে উঠে আসে না। অধিকাংশ ক্ষেত্রেই অভিবাসীদের কথা অন্যরা বলেন, কিন্তু অভিবাসীরা নিজেরা কথা বলার সুযোগ পান না। দ্য মাইগ্র্যান্ট ভয়েস এই নীরবতা ভাঙতে এবং অভিবাসীদের নিজেদের কণ্ঠে কথা বলার একটি নিরাপদ, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক পরিসর তৈরি করতে কাজ করে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে অভিবাসী কর্মীরা অভিবাসন সংক্রান্ত নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরার জন্য প্রয়োজনীয় তথ্য, সেবা ও দিকনির্দেশনা পাবেন। এখানে তারা সরকারি ও নির্ভরযোগ্য সেবা সম্পর্কে জানতে পারবেন, ঝুঁকি ও প্রতারণা থেকে সুরক্ষার উপায় শিখতে পারবেন এবং বিদেশে যাওয়ার আগে, অবস্থানকালীন ও ফেরত আসার পর প্রযোজ্য সহায়তা সম্পর্কে সচেতন হতে পারবেন। একই সঙ্গে এই প্ল্যাটফর্ম অভিবাসী কর্মীদের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে তথ্য ও সচেতনতা জোরদার করবে।
দ্য মাইগ্র্যান্ট ভয়েস কেবল ঝুঁকি ও সমস্যা নয়, বরং অভিবাসী কর্মীদের শ্রম, অবদান, সাফল্য ও ইতিবাচক ভূমিকা তুলে ধরতেও প্রতিশ্রুতিবদ্ধ। অভিবাসীরা দেশের অর্থনীতিতে, পরিবার ও সমাজে যে অবদান রাখছেন, এই প্ল্যাটফর্মে তা গুরুত্ব ও সম্মানের সাথে উপস্থাপন করা হবে।
দ্য মাইগ্র্যান্ট ভয়েস বিশ্বাস করে অভিবাসীদের সুরক্ষা, তথ্যপ্রাপ্তি ও অংশগ্রহণ নিশ্চিত না হলে নিরাপদ, ন্যায্য ও মানবিক অভিবাসন সম্ভব নয়। অভিবাসীরা নিজেরাই যখন তাদের কথা বলতে পারে, তখনই একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ে ওঠে।